মিড ডে মিলে ডিটারজেন্ট! বিষক্রিয়ায় অসুস্থ ৪০ পড়ুয়া!
বার্তা ডেস্কঃ
বিহারের নালন্দায় মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৪০ জন পড়ুয়া। মঙ্গলবার নূরসরাই থানার পরাসি মিডল স্কুলে দুপুরের খাবারে নুনের বদলে ভুলবশত ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জানা গেছে, সয়াবিনের তরকারিতে নুন কম থাকায় পড়ুয়ারা বাড়তি নুন চেয়েছিল। সেই সময় পরিবেশনকারী নুনের পরিবর্তে ভুল করে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেন। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের মধ্যে বমি ও পেটে ব্যথার উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বিহার শরিফ মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ছুটে যান অভিভাবকরা। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিহারের গ্রামীণ উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। তিনি শিশুদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নালন্দার সিভিল সার্জন ডা. জয়প্রকাশ সিংহ জানিয়েছেন, বর্তমানে পড়ুয়ারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। কীভাবে খাবারের উপকরণের পাশে ডিটারজেন্ট রাখা ছিল এবং পরিবেশনের সময় কেন এমন ভয়াবহ ভুল হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। গাফিলতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।