স্বাধীনতা দিবসে কলেজ চত্বরে ডিজে নাচ, চরম বিতর্কে দুর্গাপুর!

বার্তা ডেস্কঃ

দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই দুর্গাপুরের একটি কলেজে অনভিপ্রেত দৃশ্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক অনুষ্ঠানের পর কলেজ চত্বরেই বসানো হয় ডিজে ও বিশাল এলইডি স্ক্রিন। সেখানেই অত্যন্ত বিতর্কিত ‘শওকত মাছ চোর’ গান চালিয়ে একদল তরুণ-তরুণীকে উদ্দাম নাচতে দেখা যায়। ঘটনাটির বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই দুর্গাপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে যাদের নাচতে দেখা গেছে তারা কলেজের ছাত্র-ছাত্রী নাকি বহিরাগত, তা নিয়েও নানা সংশয় দেখা দিয়েছে।

এই ঘটনায় কলেজের শিক্ষা ও সংস্কৃতির মান নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো শুরু হয়েছে। তবে শুরু থেকেই এই বিষয়ে মুখ খুলতে চায়নি কলেজ কর্তৃপক্ষ, যদিও বিতর্ক বাড়ায় পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি একে বাংলার সংস্কৃতির অবক্ষয় বলে তোপ দাগেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। এই ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষ ও উচ্চশিক্ষা মন্ত্রীকে চিঠি দেবেন বলেও জানান বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *