শর্টস পরার অপরাধ! মারাঠা দুর্গে ৮ বছরের নাবালিকাকে বেধড়ক মার
বার্তা ডেস্কঃ
পুণে জেলার ঐতিহাসিক সিংহগড় দুর্গে শর্টস পরে প্রবেশ করার এক অদ্ভুত অভিযোগে ৮ বছরের এক নাবালিকা ও তার গোটা পরিবারের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সকালে ওই পরিবারটি দুর্গে ঘুরতে গিয়েছিল। কিন্তু হঠাৎই স্থানীয় একদল যুবক নাবালিকার পোশাক-পরিচ্ছদ নিয়ে তীব্র আপত্তি জানায়। কেন সে এমন পোশাক পরেছে, সেই প্রশ্ন তুলে তারা বচসায় জড়ায় এবং প্রতিবাদ করলেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে পরিবারের মহিলারাও চরম নিগ্রহের শিকার হন। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আশপাশের পর্যটকরাও ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে, নির্যাতিত পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে হাভেলি থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে কঠোর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।