সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা বেড়ে ৬০ শতাংশ!
বার্তা ডেস্কঃ
সিকিমের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বিশাল আনন্দের বার্তা নিয়ে এলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর (DR) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা এই নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যে কার্যকর মোট ডিএ-র পরিমাণ ৫৮ শতাংশ থেকে বেড়ে একলাফে ৬০ শতাংশে উন্নীত হলো।এর আগে ২০২৫ সালের জুলাই মাস থেকে কর্মচারীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল, আর এবার বছরের শুরুতেই মিলল অতিরিক্ত আর্থিক সুবিধা।
উৎসবের মরশুম শুরুর আগেই কর্মচারীদের এই সুসংবাদ প্রাপ্তিতে রাজ্য জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, বর্ধিত হারের বকেয়া বা এরিয়ার টাকা আগামী উৎসব অর্থাৎ ‘দশাইন’-এর আগেই মিটিয়ে দেওয়া হবে। ফলে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থ হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। ক্রমাগত বাড়তে থাকা জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই পদক্ষেপে সিকিমের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী—উভয় পক্ষই ব্যাপকভাবে উপকৃত হবেন।