৮ রাজ্যে দ্রুত মিলবে নাগরিকত্ব, বদলে গেল সিএএ-র সব নিয়ম!
বার্তা ডেস্কঃ
ভারতের নাগরিকত্ব পাওয়ার দীর্ঘ অপেক্ষার এবার অবসান ঘটতে চলেছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত করতে যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ, গুজরাত, পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সহ ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের হাতে সরাসরি নাগরিকত্ব প্রসেস করার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। তবে আসাম ও ত্রিপুরার আদিবাসী এলাকাগুলি এই নিয়মের বাইরে থাকছে।
সিটিজেনশিপ (থার্ড অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬-এর অধীনে এই নয়া ক্ষমতার কথা ঘোষণা করা হয়েছে। আগে কেন্দ্রীয় কমিটির কারণে প্রক্রিয়াটি দীর্ঘ হলেও, এখন থেকে জেলাশাসকরাই সরাসরি আবেদনকারীদের জমা দেওয়া নথি যাচাই ও প্রয়োজনীয় তদন্ত করতে পারবেন। আবেদনকারীকে আনুগত্যের শপথ গ্রহণ করানোর দায়িত্বও থাকবে তাঁদেরই কাঁধে। সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ হলে জেলাশাসক নিজেই নাগরিকত্ব দিতে পারবেন। প্রশাসনিক এই রদবদলের ফলে নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া এবার অভাবনীয় গতি পাবে।