আপনার নামে কতগুলো সিম কার্ড আছে? নতুন নিয়মে সতর্ক হোন এখনই!
বার্তা ডেস্কঃ
একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মোবাইল সংযোগ রাখতে পারবেন, সেই নিয়ম নিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় টেলিকম দপ্তর। মূলত মোবাইল জালিয়াতি রুখতে এবং সংযোগের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পুরনো বিধিনিষেধগুলো এবার কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে একজন সাধারণ গ্রাহক সর্বোচ্চ ৯টি এবং জম্মু-কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দারা সর্বোচ্চ ৬টি সিম কার্ড রাখতে পারেন। নতুন নিয়ম অনুযায়ী, নতুন সিম কার্ড কেনার সময় গ্রাহককে তাঁর নামে আগে থেকেই নথিভুক্ত থাকা সমস্ত মোবাইল নম্বরের তথ্য কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মে (CAF) অবশ্যই উল্লেখ করতে হবে।
এই প্রক্রিয়াটি সফল করতে সরকার ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ (DIP) ব্যবহার করবে, যার মাধ্যমে টেলিকম সংস্থাগুলো খুব সহজেই গ্রাহকদের পুরনো রেকর্ড যাচাই করে নিতে পারবে। যদি কোনো গ্রাহক নির্ধারিত সীমার অতিরিক্ত সিম ব্যবহার করেন, তবে সংশ্লিষ্ট সিমটি সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে এই প্রযুক্তিগত ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় দপ্তর।