বেকার যুবকদের জন্য বিরাট সুখবর, মন্ত্রিসভার সিদ্ধান্তে মিলল চাকরির সুযোগ!
বার্তা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপুরা মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ১,১৭৭টি শূন্যপদে সরাসরি নিয়োগ এবং আরও ৩০৫টি নতুন পদ সৃষ্টির এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বড় ঘোষণার কথা জানান পর্যটনমন্ত্রী তথা মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী। সবথেকে বড় নিয়োগ হতে চলেছে রাজ্য পুলিশ বাহিনীতে, যেখানে সরাসরি ৯১৬ জন পুরুষ ও মহিলা কনস্টেবল নেওয়া হবে। পাশাপাশি জেআরবিটির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২১৯ জন এলডিসি এবং জনজাতি কল্যাণ ও জিএ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ সম্পন্ন হবে।
প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে রাজ্যের চারটি রেল স্টেশনে নতুন সরকারি রেল পুলিশ বা জিআরপি থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য ১০৫টি নতুন পদ বরাদ্দ করা হয়েছে। এছাড়া রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে সিপাহীজলা জেলার বিশালগড়ে বেঙ্গালুরুভিত্তিক শ্রী শ্রী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উচ্চশিক্ষার এই নতুন বিদ্যাপীঠে ডিপ্লোমা সহ একাধিক বিষয়ে পাঠদানের দারুণ সুযোগ মিলবে। সরকারের এই পদক্ষেপে ত্রিপুরায় একধাক্কায় কর্মসংস্থান ও উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে গেল।