ব্যাঙ্ক ডাকাতি রুখতে লালবাজারের মেগা প্ল্যান, বদলে গেল থানার দায়িত্ব!

বার্তা ডেস্কঃ

কলকাতা শহর ও শহরতলির ব্যাঙ্কগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে এবার বড় সিদ্ধান্ত নিল লালবাজার। এতদিন গোয়েন্দা বিভাগের ওপর ব্যাঙ্কের সুরক্ষার যে দায়িত্ব ছিল, তা থেকে সরে এসে এবার নিয়মিত নজরদারি ও টহলদারির সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হল স্থানীয় থানাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের নগরপাল অজয় কুমার নন্দ এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করেছেন। নতুন এই নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র লেনদেনের সময় নয়, ব্যাঙ্ক খোলা ও বন্ধের সময়ও সংশ্লিষ্ট এলাকার থানাকে সজাগ থাকতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে।

লালবাজারের এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, থানাগুলির পুলিশকর্মীদের নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী, সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, ব্যাঙ্কের আশপাশে কোনও সন্দেহজনক ব্যক্তি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যানবাহনের গতিবিধির ওপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। অন্যদিকে, গোয়েন্দা বিভাগকে রুটিন টহলদারির বদলে এখন থেকে মূলত ডাকাতি সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ এবং অপরাধীদের শনাক্তকরণের ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। উৎসব বা বিপুল নগদ লেনদেনের দিনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আগাম নিরাপত্তার পরিকল্পনা করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *