যাদবপুরের সংঘর্ষ ও ভাইরাল রিল, এমব্লেম ধ্বংস নিয়ে গর্জে উঠলেন স্বপন দাশগুপ্ত!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই (SFI) ও এবিভিপি (ABVP)-র মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে ক্যাম্পাস চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাতের এই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় সুর চড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। ক্যাম্পাসের ঐতিহ্যবাহী ‘এমব্লেম’ বা প্রতীক ভেঙে ফেলার ঘটনাকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন।
সোশ্যাল মিডিয়ার একটি বার্তায় তিনি উল্লেখ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁর কেন্দ্র রাসবিহারীর সীমানা সংলগ্ন হওয়ায় সেখানকার যেকোনো অশান্তি আশেপাশের এলাকাকেও প্রভাবিত করে। ছাত্র রাজনীতি ও আন্দোলন বাংলার সংস্কৃতির অঙ্গ হলেও, এ ধরনের সহিংসতা ও মারপিট কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়টি যাতে তার গৌরব ও সুনাম বজায় রেখে শীর্ষস্থানে থাকে, সেই আশাপ্রকাশ করার পাশাপাশি ঘটনার সুযোগ নিয়ে সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও প্ররোচনামূলক রিল ছড়ানোর প্রবণতার কঠোর সমালোচনা করেছেন তিনি।