ঘুমন্ত মেয়ের পাশে বিষধর সাপ, খালি হাতে লড়ে অবিশ্বাস্য প্রাণ বাঁচালেন বাবা!

বার্তা ডেস্কঃ

নদিয়ার হরিণঘাটায় মেয়ের প্রাণ বাঁচাতে অসীম সাহসিকতার পরিচয় দিলেন এক বাবা। শুক্রবার দুপুরে ঘরে ঢুকে ৪৮ বছর বয়সী সঞ্জীব ওরাং দেখেন, তাঁর ঘুমন্ত মেয়ের একেবারে গা ঘেঁষে ফণা তুলে বসে আছে একটি বিষধর সাপ। মেয়ের যাতে বিন্দুমাত্র ক্ষতি না হয়, তাই নিজের জীবনের পরোয়া না করেই সাপটিকে সরানোর উদ্যোগ নেন তিনি। হাতে একটি প্লাস্টিক পেঁচিয়ে সাপটিকে ধরতে গেলে সেটি তাঁর হাতে ছোবল বসায়। তা সত্ত্বেও দমে যাননি এই বাবা। অদম্য সাহসে বিষধর সাপটিকে প্লাস্টিকে ভরে ফেলেন তিনি।

এরপর সাপের কামড় খাওয়া অবস্থাতেই বন্দি সাপটিকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পৌঁছান সঞ্জীববাবু। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী-হারা সঞ্জীবের জীবনে মেয়েই সব, তাই তাকে বাঁচাতে এক মুহূর্তও ভাবেননি তিনি। তাঁর এই সাহসিকতায় এলাকাবাসী মুগ্ধ হলেও চিকিৎসকরা সাধারণ মানুষকে সতর্ক করেছেন। বিষধর সাপ দেখলে কখনোই খালি হাতে ধরার চেষ্টা না করে, নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বনদপ্তর বা প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *