চকচকে হাসপাতালের আড়ালে নির্মম সত্যি, পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর বার্তা!

বার্তা ডেস্কঃ

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দু’দিনের ঝটিকা পরিদর্শন শেষে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা এবং পরিচ্ছন্নতার চরম ঘাটতি দেখে ‘দশে শূন্য’ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম ও পরিচ্ছন্নতার অভাব দেখে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আসি যাই মাইনে পাই’ কালচার আর সহ্য করা হবে না। কর্মীদের কর্মস্থলে উপস্থিতি সুনিশ্চিত করতে দ্রুত বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী নিয়োগ সময়সাপেক্ষ হওয়ায় চিকিৎসকের ঘাটতি মেটাতে স্থানীয় সিনিয়র ও বেসরকারি চিকিৎসকদের সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন এনে পরিষেবা সচল রাখার প্রস্তাব দেন তিনি। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও মৌমিতা বিশ্বাস মিশ্র।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত এক-তৃতীয়াংশ মহিলা নিরাপত্তাকর্মী রাখা, নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষের তদারকি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে দালাল চক্র রুখতে রোগীদের জন্য বিশেষ ব্যাজ চালু এবং ওলা-উবেরের আদলে নির্দিষ্ট কিলোমিটার ভিত্তিক ভাড়ায় অ্যাপ-নির্ভর অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। দেওয়াল লিখন ও রাজনৈতিক গ্রাফিতি বন্ধ করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে নির্দিষ্ট বোর্ডে মতপ্রকাশের আহ্বান জানান তিনি। হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করার পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেডিক্যাল কলেজ নির্বাচন সম্পন্ন করার বার্তাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *