‘আমি তো ভারতীয়’, অরুণাচলের খুদের কান্নায় কাঁদছে দেশ!

বার্তা ডেস্কঃ

‘আমাকে চাইনিজ বলবেন না, খুব কষ্ট হয়। আমি ভারতীয়, আমাকে ভারতীয় বলুন’— আধো বুলিতে অরুণাচল প্রদেশের চার বছরের খুদে কার্গা টিংকেল গঙ্গোর এই কাতর আরজি এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় চিনের তকমা দেওয়ার মানসিকতার বিরুদ্ধে ক্ষোভ ও আবেগে ভাসছেন নেটিজেনরা। টিংকেলের মা একটি সাধারণ রিল ভিডিও পোস্ট করার পর এক ব্যবহারকারী তাকে চিনা বলে কটাক্ষ করেন। তার জবাবে মাত্র ২৭ সেকেন্ডের এই আবেগঘন ভিডিও তৈরি করে সে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের চেহারাগত পার্থক্যের কারণে প্রায়শই বর্ণবৈষম্যের শিকার হতে হয়। টিংকেলের এই ছোট্ট প্রতিবাদ সেই দীর্ঘদিনের কষ্টের কথাকেই নতুন করে তুলে ধরেছে।

অরুণাচলের এই ছোট্ট শিশুটি নেটদুনিয়ায় কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়োচ্ছে। ঘটনার পর বেশ কিছু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিংকেল স্পষ্টভাবে জানায়, সে ভারতকে তার নিজের দেশ মনে করে এবং বড় হয়ে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। পরবর্তীতে অন্য একটি ভিডিওতে সে জানায়, এখন আর তাকে কেউ চিনা বলে না এবং সবাই তাকে ভারতীয় হিসেবেই মেনে নিয়েছে। টিংকেলের মা ও বাবা, যিনি পেশায় একজন পুলিশকর্মী, মেয়ের দেশপ্রেম ও আত্মপরিচয়ের এই সচেতনতায় গর্বিত। স্বাধীনতার মাসে অরুণাচলের এই খুদের বার্তা সারা দেশের কাছে এক অনন্য ও আবেগঘন নজির গড়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *