জেন জ়ির মন জিততে পথে নামছে বিজেপি, মোদীর নতুন টিমে তুফান!

বার্তা ডেস্কঃ

দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও ‘জেন জ়ি’ (Gen Z)-দের বিক্ষোভে বেশ কিছুটা ব্যাকফুটে পড়েছিল কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকার। বিরোধীদের ক্রমাগত হামলা এবং ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে ওঠা প্রশ্নে কিছুটা ধাক্কা খেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক ভাবমূর্তি। এই অবস্থায় তরুণদের মন জয় করতে এবং প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে দেশজুড়ে বড়সড় প্রচার অভিযানের সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই জনসংযোগ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য চার সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে দল। এই দলে রয়েছেন বিজেপির দুই সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়ে, গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিসগড়ের মন্ত্রী ওপি চৌধুরী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নবনিযুক্ত দলীয় পদাধিকারীদের সঙ্গে কথা বলেছেন। দলকে আরও শক্তিশালী করতে এবং মানুষের কাছাকাছি পৌঁছাতে নতুন নতুন কৌশলের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক অভিজ্ঞতার ২৫ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবর মাস জুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর ডাক দিয়েছে বিজেপি। এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সামনে মোদী প্রশাসনের বিভিন্ন সাফল্য ও জনকল্যাণমূলক কাজ তুলে ধরা হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, অর্থনীতি এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে বিরোধী শিবির যে প্রশ্নগুলো তুলেছিল, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারই জবাব দিতে চাইছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *