গাজলের ঘটনায় তোপ দাগলেন দিলীপ ঘোষ, রাজ্যে কি সব কিছুতেই আত্মহত্যা!

বার্তা ডেস্কঃ

রাজ্যে ঘটে চলা নানা বিষয়ে আত্মহত্যার প্রবণতা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়্গপুরের বোগদায় প্রাতর্ভ্রমণ শেষে এক চা চক্রে যোগ দিয়ে তিনি দাবি করেন, ভোটার তালিকা কিংবা এসআইআর— সামান্য বিষয় নিয়েই এ রাজ্যে আত্মহত্যার ঘটনা ঘটছে। তাই কে বা কেন এই চরম পথ বেছে নিচ্ছেন, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

মালদার গাজলের বাচাহার গ্রামের বাসিন্দা অনীতা খাতুন (৩০) নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। পরিবারের অভিযোগ, তৃণমূল জমানায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেলেও ‘অন্নপূর্ণা’ যোজনার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন জানিয়েও তিনি টাকা পাচ্ছিলেন না। সেই অবসাদ থেকেই ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

এই ঘটনার জল অনেক দূর গড়ালেও সরকারের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে। ভবানীপুরে উপভোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি মাসেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের জন্য আরও ২০ থেকে ৩০ লক্ষ নাম যুক্ত করার প্রস্তুতি চলছে। ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলো খতিয়ে দেখে বিজেপি কর্মীদের সহায়তায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *