শমীক ভট্টাচার্যের কড়া হুঁশিয়ারি, শুধরে যান নয়তো কড়া ব্যবস্থা!

বার্তা ডেস্কঃ

আর কোনো মৌখিক আশ্বাস নয়, এবার সরাসরি লিখিত নির্দেশে দলের সর্বস্তরের নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের বিভিন্ন সাংগঠনিক কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি পাঠিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সামান্যতম প্রমাণ পাওয়া গেলেও তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি স্বার্থের কারণে দলের ভাবমূর্তির সঙ্গে কোনো অবস্থাতেই আপস করা হবে না।

সোমবার রাতে এই গুরুগম্ভীর চিঠি পাওয়ার পর থেকেই দলের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরেও কাটমানি ও তোলাবাজি নিয়ে বিধায়কদের সতর্ক করেছিলেন তিনি। শমীক এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, দুর্নীতিবাজ বিধায়কদের ছেঁটে ফেলতেও দল দ্বিধা করবে না।

চিঠিতে দলীয় কর্মীদের মূল ৩টি বিষয় মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে: ১. কঠোর ব্যবস্থা: অনৈতিক কাজ বা দুর্নীতির প্রমাণ মিললে পদাধিকারী নির্বিশেষে আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

২. ভাবমূর্তি রক্ষা: পুরোনো কর্মীদের ত্যাগ ও দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৩. স্বচ্ছতা ও জনসেবা: সাধারণ মানুষের আস্থা বজায় রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

ঘনিষ্ঠ মহলে রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতি ও তোলাবাজি বন্ধ করতে না পারলে জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না। যদিও এর আগেও সতর্কবার্তা দিয়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তবুও একাংশের অনিয়ম বন্ধ না হওয়ায় এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চূড়ান্ত বার্তা দিলেন রাজ্য সভাপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *