মুখ্যমন্ত্রীর হুঙ্কারে বদলাচ্ছে যাদবপুর, দেওয়াল জুড়ে নতুন বার্তা!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল চত্বরে থাকা বিভিন্ন ‘দেশবিরোধী’ ও আপত্তিকর দেওয়াল লিখন এবং গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই ক্যাম্পাসের দেওয়াল থেকে এই ধরনের স্লোগান সাফ করার কাজ শুরু হতে পারে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরের আর্টস বিভাগের হস্টেল চত্বরে থাকা ‘রেড সেলাম কিষেণজী’ কিংবা ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো বিতর্কিত দেওয়াল লিখনের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট বার্তা দেন যে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে রাষ্ট্রবাদ ও দেশপ্রেমের পরিবেশ সুনিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ও বার্তার পরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার স্টেকহোল্ডারদের সাথে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় আচমকা পড়ে গিয়ে অসুস্থ হন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরলেই আনুষ্ঠানিকভাবে দেওয়াল সাফাই ও প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।