ফুটপাতের দুধ গরম কাণ্ড, সীতাদেবীকে গৃহহীন থেকে গৃহবাসী করল পুরসভা!
বার্তা ডেস্কঃ
পার্ক স্ট্রিটের ফুটপাতে বাচ্চার জন্য স্টোভ জ্বালিয়ে দুধ গরম করাকে কেন্দ্র করে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতৃত্ব ঘটনাটির তীব্র সমালোচনা করে পরিবারটিকে আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
তবে সেই রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার সল্টলেকের পার্টি অফিসে কোলে শিশুকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন স্বামী পরিত্যক্তা সীতাদেবী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরপরই বিকেলেই পুরসভার আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করেন।
কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জানান যে, ইতিমধ্যেই আধিকারিকেরা গিয়ে সীতাদেবীর সঙ্গে কথা বলেছেন এবং খুব দ্রুতই তাঁর স্থায়ী থাকার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য, তাই তাঁকে সেখানে না রেখে মাথার ওপর ছাদ দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।