নিম্নচাপের জোড়া ফলায় বিপন্ন ১২ জেলা, আজই ধেয়ে আসছে বড় বিপদ!
বার্তা ডেস্কঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নতুন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গসহ রাজ্যজুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী ও তৎসংলগ্ন অঞ্চলগুলিতে আবহাওয়া নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় ১২টি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে প্রভাব কিছুটা বেশি থাকতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির চালচিত্র কেমন থাকবে, তা নিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র ও শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ঘর থেকে বের হওয়ার আগে তাই আবহাওয়ার এই সাম্প্রতিক আপডেট মাথায় রাখা অত্যন্ত জরুরি।