মেগা পুরভোটের আগে বড় চমক বিজেপির, সুকান্ত ও রাহুলের কাঁধে বড় দায়িত্ব!

বার্তা ডেস্কঃ

আসন্ন পুরভোটকে পাখির চোখ করে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নেমে পড়ল বঙ্গ বিজেপি। সম্ভাব্য নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বড় কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কলকাতার ভোটের প্রস্তুতি ও পরিচালনার মূল দায়িত্বে আনা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে, যেখানে তাঁর সঙ্গে কো-ইনচার্জ হিসেবে কাজ করবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, হাওড়া পুরনিগমের লড়াইয়ে বিজেপির ইনচার্জের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার হাতে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করে বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।

দলীয় সংগঠন সুদৃঢ় করতে উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের নিয়ে সল্টলেক কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর মতো শীর্ষ নেতারা। একইসঙ্গে কলকাতা পুরসভার জন্য তাপস রায়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যাতে রয়েছেন সজল ঘোষ, ঋতেশ তিওয়ারি ও স্বপন দাশগুপ্তের মতো অভিজ্ঞ নেতারা। মূলত অক্টোবর মাসে দুর্গোৎসব ও দীপাবলির উৎসবের মরসুম থাকার কারণে শেষ মুহূর্তের তোড়জোড় এড়াতে এখন থেকেই এলাকাভিত্তিক জনসংযোগ, প্রচার কৌশল ও সংকল্পপত্র তৈরির কাজ জোরকদমে শুরু করতে চাইছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *