রাস্তায় বেরোলেই বিপদ! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।

বার্তা ডেস্কঃ

সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে বিভিন্ন ইস্যুতে সরব হতেই তাঁকে তীব্র আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেন ফেসবুকেই থাকেন। তিনি যাতে আর রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বাম শিবির। সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য একে সাংবিধানিক বিপর্যয়ের লক্ষণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মতে এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিসরকে সম্পূর্ণ নষ্ট করে দেয়।

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যাদবপুরে কোনওভাবেই মাওবাদী নেতা কিষেনজির নামে স্লোগান বরদাস্ত করা হবে না এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর প্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে তাঁর অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেন কিষেনজি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এবং তখন শুভেন্দুও সেই দলেরই নেতা ছিলেন। এই পাল্টাপাল্টি মন্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *