হুঁশিয়ারিতেও কাটল না টনক, কাটমানি ও দখলদারির অভিযোগে অস্বস্তিতে বঙ্গ বিজেপি!

বার্তা ডেস্কঃ

চলতি মাসের শুরুতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের তোলাবাজি ও কাটমানি সংস্কৃতি থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু ২৫ দিন পেরিয়ে গেলেও সেই সতর্কবার্তায় বিশেষ কর্ণপাত করেননি একাংশ কার্যকর্তা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকান ও জমি দখলমুক্ত করিয়ে দেওয়ার পারিশ্রমিক এবং আসন্ন পুরভোটের টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাসে অ্যাডভান্স আদায়ের ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে রাজ্য দপ্তরে। এই পরিস্থিতিতে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি বার্তা পাঠিয়ে রাজ্য সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, দুর্নীতির দায় দল কখনই নেবে না।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে শমীক ভট্টাচার্য তিনটি কঠোর নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ব্যক্তিগত স্বার্থের জন্য দলের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে কর্মীদের সম্পূর্ণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে একদিকে সভাপতির এই কড়া বার্তা চললেও, অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে ইতিমধ্যেই বহু কর্মী গ্রেপ্তার হয়েছেন। ফলে সভাপতির এই নতুন সতর্কবার্তা দলীয় স্তরে কতটা কার্যকর হয়, এখন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *