তিব্বত থেকে ধেয়ে এল মরণফাঁদ, নেপালে হড়পা বানে নিখোঁজ শতাধিক!

বার্তা ডেস্কঃ

তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালের রসৌয়া জেলায় এক ভয়াবহ হড়পা বানের (Flash Flood) তাণ্ডবে চরম বিপর্যয় নেমে এসেছে। এই আকস্মিক দুর্যোগে এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন ৩৮৪ জন পর্যটক। নিখোঁজদের তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন এনআরআই (NRI) রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৫৯ জন কৈলাশ মানস সরোবর যাত্রার পুণ্যার্থী।

তিব্বতের জিরোং পোর্ট এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৯টা নাগাদ পাহাড় থেকে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ মিশ্রিত এক প্রবল জলচ্ছ্বাস ধেয়ে এসে ভোট কোশি নদীর তীরবর্তী এলাকা প্লাবিত করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাদার প্রবল স্রোত পার্কিং লট, একাধিক গাড়ি, সেতু ও বসতি গুঁড়িয়ে দেয়।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ভ্রমণার্থীদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। ভারতীয়দের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসের পর্যটকরাও এতে আটকে পড়েছেন। বর্তমানে রসৌয়া, ধাদিং ও নুওয়াকোট জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নেপাল পুলিশ, সেনা ও উদ্ধারকারী দল যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *