মেদিনীপুরে বুলডোজার গর্জন, গুঁড়িয়ে গেল ৫টি অবৈধ মদের দোকান!

বার্তা ডেস্কঃ

মেদিনীপুর: মেদিনীপুর স্টেশন সংলগ্ন হামালপাড়া এলাকায় অবৈধ মদের কারবার রুখতে কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে চলা পাঁচটি অবৈধ মদের দোকান বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে হামালপাড়ায় একাধিক বেআইনি মদের দোকান চালিয়ে আসছিল একদল দুষ্কৃতী। সকাল থেকে রাত—বিশেষ করে সন্ধ্যার পর দূরদূরান্ত থেকে আসা লোকজনের ভিড়ে জমজমাট হয়ে উঠত এই বেআইনি ঠেকগুলি। অসামাজিক কাজকর্ম, উচ্চস্বরে গালিগালাজ এবং অশান্তির জেরে এলাকার পরিবেশ বিষিয়ে উঠছিল বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। ইতিপূর্বে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজ না হওয়ায়, বুধবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এরপরই পৌঁছায় বুলডোজার। চোখের নিমেষে ভেঙে ফেলা হয় অবৈধ দোকানগুলির অস্থায়ী ছাউনি ও কাঠামো। প্রশাসনের এই ঝটিকা অভিযানে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হামালপাড়ার বাসিন্দারা। তবে ভবিষ্যতে যেন পুনরায় সেখানে এই বেআইনি কারবার শুরু না হতে পারে, সেদিকে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *