ভোটার তালিকায় ফিরলেন ৭৫ হাজার নাগরিক, এসআইআর ট্রাইব্যুনালের রায়ে বড় স্বস্তি!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য গঠিত ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত প্রায় ৮২,০০০ আপিলের নিষ্পত্তি করেছে। এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া ৭৫,০০০-এরও বেশি মানুষ তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। গত নির্বাচনে তাঁরা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। অন্যদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে স্পষ্ট জানানো হয়েছে যে, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব খারিজ নয়। ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কাউকেই বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে না এবং আইনিভাবে তাঁদের ভারতীয় হিসেবেই গণ্য করা হবে।
শীর্ষ আদালতের এই স্পষ্ট বার্তার ফলে এসআইআর-এ নাম বাদ পড়া ব্যক্তিরা আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন। আদালত জানিয়েছে, শুধুমাত্র নাম বাদ পড়ার কারণে কোনো বাসিন্দাকে রেশন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্যবিমার মতো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যতদিন না ট্রাইব্যুনালে মামলার সুরাহা হচ্ছে, ততদিন এই সমস্ত নাগরিক সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়াদের একটি বড় অংশ যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁরাও এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন বলে জানা যাচ্ছে।