ক্ষমতায় ৫ দিন! গোয়ায় ই-২০ পেট্রল নিষিদ্ধ করার হুঙ্কার কেজরিওয়ালের!
বার্তা ডেস্কঃ
আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি শাসিত রাজ্যটিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেছেন যে, আগামী ২০২৭ সালের ১০ মার্চের পর রাজ্যে আপ সরকার ক্ষমতায় আসলে মাত্র পাঁচ দিনের মধ্যে পুরোপুরি নিষিদ্ধ করা হবে ই-২০ পেট্রল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী সুরে জানান, তিনি যদি এই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন, তবে রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
ইথানল মিশ্রিত এই জ্বালানি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করছে, তাও জোরালোভাবে তুলে ধরেন কেজরিওয়াল। তাঁর দাবি, ই-২০ পেট্রল গাড়ির ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমের মারাত্মক ক্ষতি করার পাশাপাশি মাইলেজ কমিয়ে দিচ্ছে, যার ফলে বিপাকে পড়ছেন গাড়িচালকরা। পাশাপাশি, চিনির উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে তার দাম হু হু করে বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের এই নীতির ফলে সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের যুক্তিও ভিত্তিহীন হয়ে পড়েছে বলে মত প্রকাশ করেন আপ সুপ্রিমো।