উত্তরপ্রদেশে কি সত্যিই পিছোল ভোট? মোদীর চালেই কি চাপে বিরোধীরা!

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন নির্ধারিত সময় অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসেই অনুষ্ঠিত হবে। রাজ্যের বিধানসভার মেয়াদ আগামী বছরের ২২ মে পর্যন্ত থাকলেও ভোট এগিয়ে আনার গুঞ্জন উড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে দলীয় প্রচারের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন। এর আগে জল্পনা ছড়িয়েছিল যে, দেশব্যাপী জনগণনা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অক্টোবর বা নভেম্বর মাসেই ভোট হতে পারে। তবে বিরোধী দলগুলি ভোট এগিয়ে আনার পক্ষে সায় দিলেও যোগী সরকার সেই প্রস্তাবে রাজি হয়নি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শাসকদলের পুরোপুরি অনুকূলে না থাকায় রাজ্য সরকার এখনই ভোট চাইছে না বলে রাজনৈতিক মহলের ধারণা। বিশেষ করে বিভিন্ন আন্দোলন ও ছাত্র বিক্ষোভ সামাল দিতে প্রশাসনকে বাড়তি সময় পেতে হবে। এই পরিস্থিতির মধ্যেই আগামী জানুয়ারির মধ্যে জনগণনার কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের পরেই রাজ্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়সূচিকেই আঁকড়ে ধরে এগোচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *