পাক প্রধানমন্ত্রীর সামনেই মোদীর হুঙ্কার, সন্ত্রাসবাদ নিয়ে বিস্ফোরক বার্তা!
বার্তা ডেস্কঃ
সন্ত্রাসবাদের পরিকাঠামো সম্পূর্ণ রূপে ধ্বংস করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কিরগিজস্তানের বিসকেকে আয়োজিত ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (SCO)-এর গোলটেবিল বৈঠকে স্পষ্ট ভাষায় তিনি জানান, সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয়ে কোনও রকম দ্বিচারিতা বরদাস্ত করা হবে না। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং এসসিও-র অন্যান্য রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতেই এই সুর চড়ান তিনি। নাম না করে পাকিস্তান ও তার মদতদাতাদের উদ্দেশে মোদী সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদকে কোনও দেশেরই কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় না।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ অন্যান্য সদস্য রাষ্ট্রের রাষ্ট্রনেতারা। বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। ২৬তম এই এসসিও লিডারশিপ সামিটে সংস্থাটির সদস্য দেশ ও অংশীদার রাষ্ট্রগুলি একযোগে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছে।