তিন সংস্থা নিষিদ্ধ হতেই ডেঙ্গির চিকিৎসায় চরম সংকট! ওড়িশা ও উত্তরপ্রদেশের ওপর ভরসা স্বাস্থ্য দফতরের
বার্তা ডেস্কঃ
রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যেই চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন ও ওষুধের জোগানে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গুণগত মানে ত্রুটি ধরা পড়া ও বিভিন্ন ঘটনায় আইনি নিষেধাজ্ঞার মুখে পড়ে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, ফার্মা ইমপেক্স ও নিভি রেমিডিজ—এই তিনটি স্থানীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। ফলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের এই সংবেদনশীল সময়ে ডেঙ্গি রোগীর সঠিক চিকিৎসা ও সিম্পটোম্যাটিক ম্যানেজমেন্ট নিশ্চিত করতে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং উত্তরপ্রদেশের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য দফতরকে। ইতিমধ্যেই ওড়িশার একটি সংস্থার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ফ্লুইড রাজ্যে এসে পৌঁছেছে।
এই পরিস্থিতি পর্যালোচনা করতে এবং সার্বিক মোকাবিলা নিশ্চিত করতে সম্প্রতি স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট, নর্মাল স্যালাইন এবং প্যারাসিটামলের ধারাবাহিক জোগান বজায় রাখতে উত্তরপ্রদেশের একটি সংস্থার সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের অভিমত, ভিনরাজ্যের এই বিকল্প সরবরাহ এবং স্থানীয় একটি সংস্থার আটকে থাকা কমপ্লায়েন্স রিপোর্ট দ্রুত ছাড়পত্র পেলে আসন্ন সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং চিকিৎসাব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক থাকবে।