ভোটের হিংসা রুখতে বড় পদক্ষেপ, সুপ্রিম কোর্টের নজর টোটালাইজার মেশিনে!

বার্তা ডেস্কঃ

ভোট-পরবর্তী সহিংসতা ঠেকাতে একাধিক বুথের ভোট একসঙ্গে গণনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ‘টোটালাইজার’ (Totaliser) নামক বিশেষ সফটওয়্যারের সাহায্যে একযোগে অন্তত ১৪টি বুথের ভোট গণনা করা সম্ভব। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা এই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে।

মামলাকারীর যুক্তি, বুথভিত্তিক গণনার ফলাফলের কারণে নির্বাচনের পর সাধারণ ভোটারদের হিংসার মুখে পড়তে হয়। কোন এলাকা থেকে কম ভোট এসেছে, তা দেখে বিজয়ী ও পরাজিত—উভয় পক্ষই সংশ্লিষ্ট এলাকার ওপর ক্ষোভ মেটায়। টোটালাইজার ব্যবহার করলে কোন বুথে কে কত ভোট পেয়েছেন তা আলাদা করে বোঝা যাবে না, ফলে ভোটারদের সুরক্ষা সুনিশ্চিত হবে।

তবে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই প্রস্তাবের বিরোধিতা করেছে। কমিশনের দাবি, ২০১৬ সালেই মন্ত্রিগোষ্ঠী এই প্রস্তাব খারিজ করেছিল। এছাড়া, টোটালাইজার চালু করতে হলে জনপ্রতিনিধিত্ব আইন ও নির্বাচন পরিচালনা বিধিতে বড় ধরনের সংশোধনী আনা প্রয়োজন, যা সংসদ ও সরকারের একতিয়ারভুক্ত।

যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে, আইন সংশোধনের অজুহাত দেখিয়ে কমিশন আসলে এই প্রযুক্তি ব্যবহারের দায় এড়াতে চাইছে। ইভিএম চালুর সময়ও একইভাবে আইন সংশোধন করা হয়েছিল। একাধিক বুথের ফল একসঙ্গে গণনা করা সম্ভব হলে ভোট-পরবর্তী হিংসায় অনেকটাই লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *