জন্মাষ্টমীতে টানা ৩ দিনের ছুটি, রাজ্য সরকারের নতুন ঘোষণা জানুন!
বার্তা ডেস্কঃ
পার্বণময় সেপ্টেম্বর মাসে পর পর ছুটির আমেজ। জন্মাষ্টমী, গণেশ পুজো থেকে বিশ্বকর্মা পুজো—চলতি মাস জুড়েই রয়েছে একাধিক উৎসব। এর মধ্যে চলতি সপ্তাহে শুক্রবারে পালিত হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাঙ্কে ছুটির ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের সদ্য জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে নবান্নসহ রাজ্যের বেশিরভাগ সরকারি দফতর বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সচল রাখতে কিছু বিশেষ দফতর খোলা থাকবে। এছাড়া রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ঐ দিন পুরোপুরি বন্ধ থাকছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেখানকার ছাত্রছাত্রী ও কর্মীরা শুক্র থেকে রবি—একটানা তিন দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি দফতরই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী ৪ সেপ্টেম্বর কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, লখনউ সহ দেশের একাধিক প্রধান শহরের ব্যাঙ্ক পরিষেবাও বন্ধ থাকবে।