ফ্ল্যাট জালিয়াতি বন্ধে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
রাজ্যে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে প্রতারিত ক্রেতা ও বিক্রেতাদের সুরক্ষায় কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার হগ মার্কেট চত্বরে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’ কর্মসূচির সূচনা করে তিনি জানান, ফ্ল্যাট জালিয়াতি, খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার এবং ওজনে কারচুপির বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিগত সরকারগুলির আমলে এই গুরুত্বপূর্ণ দফতরটি চরম অবহেলিত ছিল বলে অভিযোগ করে তিনি বলেন, শাকসবজি ও মাছের মাপে কারচুপি থেকে শুরু করে রসিদ না দেওয়ার প্রতিটি পদক্ষেপে আমজনতা প্রতারিত হচ্ছেন।
ফ্ল্যাট কেনাবেচায় বিপুল অঙ্কের জালিয়াতি এবং অনলাইন ডেলিভারি সংস্থার নাম ভাঙিয়ে প্রতারণা চক্রের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। খাদ্যে ভেজাল ও কালোবাজারি রোধে ফুড ইন্সপেক্টর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও স্বাস্থ্য দফতরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মিষ্টির দোকান, হোটেল ও বাজারে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সপ্তাহে বাউল গান, পথনাটিকা ও ট্যাবলোর মাধ্যমে সচেতনতা প্রচারের পাশাপাশি বাজেট বরাদ্দ বৃদ্ধি, নতুন আধিকারিক নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে দফতরকে আরও সচল করার ঘোষণা করা হয়েছে।