তাঁত ও বস্ত্রশিল্পে বড় ধামাকা, রাতারাতি ১০ শতাংশ বাড়ছে বেতন ও ভাতা!
বার্তা ডেস্কঃ
রাজ্যের তাঁত ও বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিরাট আর্থিক স্বস্তির কথা ঘোষণা করল সরকার। বিধানসভায় জানানো হয়েছে, তাঁতকর্মীদের মজুরি এবং মহার্ঘ ভাতা (DA) উভয়ই ১০ শতাংশ করে বৃদ্ধি করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বহু হস্তচালিত তাঁতশিল্পী ও বস্ত্রশিল্পের কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
দীর্ঘদিন ধরেই এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা পারিশ্রমিক বাড়ানোর জোরালো দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে স্কুলপড়ুয়াদের পোশাক তৈরি থেকে শুরু করে অন্যান্য কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মজুরি কাঠামো অপরিবর্তিত থাকায় অসন্তোষ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর হ্যান্ডলুমস, টেক্সটাইলস অ্যান্ড খাদি দফতর তাঁতশিল্পীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং রাজ্যর বস্ত্রশিল্পকে আরও শক্তপোক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শাড়ি বোনার মজুরি ১৭৮.৩৬ টাকা থেকে বাড়িয়ে ২০৩.৮৬ টাকা এবং ৩.৭৫ মিটার ধুতি বোনার মজুরি ১৫১.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৬৬.২৬ টাকা করা হয়েছে।
পারিশ্রমিক ও ডিএ বৃদ্ধির ফলে তাঁতকর্মীদের মাসিক আয় ও জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি নিটওয়্যার শিল্পের উন্নতির জন্য একটি পৃথক বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই বোর্ড নিটওয়্যার শিল্পের সুযোগ-সুবিধা, সুনির্দিষ্ট নীতি নির্ধারণ এবং ব্যবসায়ী ও কর্মীদের সহায়তা প্রদানে কাজ করবে। ভারতের অন্যতম প্রধান বস্ত্র উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুর হস্তচালিত তাঁত ও নিটওয়্যার—দুই ক্ষেত্রেই সরকারের এই বড় পদক্ষেপ পুরো শিল্পে নতুন গতির সঞ্চার করবে।