জেড ক্যাটাগরির সুরক্ষাতেও ঝুঁকি! কেন্দ্রীয় মন্ত্রী চিরাগকে হত্যার হুমকি ঘিরে তোলপাড়
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসওয়ানকে প্রাণনাশের হুমকি দিয়ে চরম চাঞ্চল্য ছড়ালো জাতীয় রাজনীতিতে। সম্প্রতি ডাকযোগে আসা এক বেনামী চিঠিতে তাঁকে চরম উগ্র ভাষায় হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে দাবি করা হয়, খুব শীঘ্রই সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ হারাতে হবে এই কেন্দ্রীয় মন্ত্রীকে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া ‘জেড’ (Z) ক্যাটাগরির অত্যন্ত কড়া নিরাপত্তাবেষ্টনীতে থাকেন চিরাগ পাসওয়ান। তাসত্ত্বেও এমন সরাসরি প্রাণনাশের হুমকি আসায় উদ্বেগে নিরাপত্তা মহল। ঘটনার গুরুত্ব বুঝে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিরাগ পাসওয়ানের দপ্তর থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অলোক কুমার সিং ওই চিঠিতে জানান, সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও এই হুমকি অত্যন্ত উদ্বেগজনক। চিঠিটির উৎস ও সত্যতা যাচাইয়ে অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আবেদন জানিয়েছে মন্ত্রক। খবর পেয়েই প্রেরকের খোঁজে যৌথ তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি।