১৭ সেপ্টেম্বর থেকে বিজেপির মেগা মিশন, বারাণসী থেকে ভাদনগর ১০০ কিমির মহা-অভিযান!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী এক অভূতপূর্ব মেগা জনসংযোগ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে যাওয়া এই অভিযানের মূল লক্ষ্য— তাঁর সংসদীয় ক্ষেত্র বারাণসী এবং জন্মস্থান গুজরাটের ভাদনগরের মধ্যে এক নিবিড় রাজনৈতিক ও সামাজিক মেলবন্ধন গড়ে তোলা।
দলীয় সূত্র অনুযায়ী, বারাণসী এবং ভাদনগর— এই দুই প্রান্ত থেকেই ১০টি করে বিশেষ দল একযোগে তাদের যাত্রা শুরু করবে। বারাণসীর দলগুলি বিভিন্ন রাজ্য পরিক্রমা করে ভাদনগরে পৌঁছাবে এবং ভাদনগরের দলগুলি এসে থামবে বারাণসীতে। টানা ৩০ দিনের এই অভিযানে প্রতিদিন প্রতিটি দল প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। বাইকার্স, সুসজ্জিত বাস এবং হাজার হাজার দলীয় কর্মীদের অংশগ্রহণে এই বিশাল শোভাযাত্রাটি কেন্দ্র ও রাজ্য সরকারের সাফল্য ও উন্নয়নমূলক বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবে।
একই সাথে, ওড়িশা ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গল্প বলা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রচার এবং ‘সেবা জ্যোতি যাত্রা’র মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২০৪৭ সালের ‘উন্নত ভারত’ গঠনের স্বপ্নকে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপির এই মাসব্যাপী অভিযানের মূল উদ্দেশ্য।