সাপের কামড়ে কোমায় লোকো পাইলট, বাঁচার লড়াইয়ে গঠিত মেডিক্যাল বোর্ড!

বার্তা ডেস্কঃ

আলিপুরদুয়ার: ডিউটি সেরে আবাসনে ফিরে বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আলিপুরদুয়ারের লোকো পাইলট প্রদীপ ডুং ডুং। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্টে আছেন এবং চিকিৎসায় আশানুরূপ সাড়া না দিয়ে গভীর কোমায় চলে গিয়েছেন।

গত রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ আলিপুরদুয়ার জংশনের রেল আবাসনের বাথরুমে প্রদীপবাবুকে সাপে কামড়ায়। তাঁকে উদ্ধার করে প্রথমে আলিপুরদুয়ার রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ভেন্টিলেটর না থাকায় চিকিৎসকরা ‘অ্যান্টিভেনম’ প্রয়োগ করতে পারেননি। পরবর্তীতে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করার এই ৪৫ মিনিটের বিলম্বেই প্রদীপবাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

রোগীর জীবন বাঁচাতে ইতিমধ্যেই একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল জানান, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত আশঙ্কাজনক। তবে বিষের প্রভাব কেটে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক কাজ শুরু করলে তিনি কোমা থেকে বেরিয়ে আসতে পারেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *