গঙ্গার সর্বনাশা ভাঙন, স্কুল হারিয়ে দিশেহারা মালদাবাসী!
বার্তা ডেস্কঃ
মালদা: গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বাড়তে থাকার পাশাপাশি মালদা জেলায় নদীভাঙন চরম আকার ধারণ করেছে। ভাঙনের মুখে পড়ে চরম বিপদের আশঙ্কায় মানিকচক ও রতুয়া-১ ব্লকের মোট ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দপ্তর।
বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মানিকচক ব্লকের ভাট্টাখাট্রিটোলা, আমিনটোলা, পিয়ারিটোলা, সুখদেবটোলা ও নিউলুটিহার প্রাথমিক বিদ্যালয় এবং রতুয়া-১ ব্লকের জিতুটোলা, মণিরামটোলা, পশ্চিম রতনপুর ও জিয়ারুদ্দিনটোলা প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং মণিরামটোলা বিদ্যালয়টির একেবারে কাছে চলে এসেছে গঙ্গার জল। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আরও এক ডজন স্কুল বন্ধ করে দিতে হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর।
হঠাৎ বিদ্যালয় বন্ধ হওয়ায় শতাধিক ছাত্রছাত্রীর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)-এর সভাপতি মলয় মণ্ডল জানান, পঠনপাঠন সচল রাখতে বিকল্প জায়গার সন্ধান করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকদের (SI of Schools)।
অন্যদিকে, সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। কালিয়াচক-২ ব্লকের পঞ্চনন্দপুর ঘাট ও ছেক্রটোলা এলাকায় সেচ দপ্তরের ভাঙন প্রতিরোধের জরুরি কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে যান অতিরিক্ত জেলাশাসক (General) সপ্তর্ষি নাগ, স্থানীয় বিডিও এবং পুলিশ প্রশাসনের কর্তারা। অতিরিক্ত জেলাশাসক স্থানীয় বাসিন্দাদের সচেতন করে প্রয়োজনীয় নথিপত্র গুটিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।