দিঘায় বাসি খাবার ও রাসায়নিক রঙের কারবার, ১২টি হোটেলে কড়া পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ
দিঘা: পর্যটন কেন্দ্র দিঘায় ঘুরতে গিয়ে আর যা-ই হোক, খাবারের মান নিয়ে ক্ষোভ বহু পুরনো। এবার সেই অভিযোগের সত্যতা প্রমাণ পেল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া ‘খাদ্য সুরক্ষা সপ্তাহ’-এর প্রথম দিনেই দিঘা এবং নতুন জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে নেমে সৈকত শহরের একাধিক হোটেল-রেস্তোরাঁর খাবারের ভয়াবহ চিত্র সামনে এসেছে।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, কাঁথির এসডিও প্রতীক অশোক ধুমালসহ স্বাস্থ্য ও পুলিশের শীর্ষ কর্তারা দিঘার ২০টি হোটেল-রেস্তোরাঁয় আচমকা অভিযান চালান। সেখানে দেখা যায়, পর্যটকদের অত্যন্ত নিম্নমানের বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে, যাতে ফুড কালারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রং। শুধু তা-ই নয়, কয়েক দিন আগের পুরনো মাছ-মাংস যাতে বাসি না বোঝায়, তার জন্য কোনো নিয়ম না মেনে মেশানো হচ্ছিল কড়া কৃত্রিম সুগন্ধি (ফুড সেন্ট)।
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মান্না জানান, ২০টি হোটেল থেকে মোট ১৫টি খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং গুরুতর অনিয়মের কারণে ১২টি হোটেলকে আইনি নোটিস ধরানো হয়েছে। আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই দিনে এগরা শহরের বেশ কিছু রেস্তোরাঁ, গোডাউন ও বেকারিতেও অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, চকলেট ও চানাচুর বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুটি রেস্তোরাঁসহ একটি চানাচুর কারখানা কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠানো হয়েছে।