পরীক্ষায় নকলের প্রতিবাদ করায় ছাত্রীকে বেধড়ক মার, শিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগ!

বার্তা ডেস্কঃ

পরীক্ষায় নকল করার প্রতিবাদ করায় এক ছাত্রীর হাত মুচড়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার দশ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের হারদোই জেলার অষ্টম শ্রেণির ছাত্রী ক্ষমা দীক্ষিতের। গত ২০ আগস্ট স্কুল চলাকালীন এক সহপাঠীকে উত্তরপত্র দেখাতে অস্বীকার করায় অভিযুক্ত শিক্ষক রাজেন্দ্র গঙ্গওয়ার নাবালিকাকে মারধর করেন বলে অভিযোগ। স্কুল থেকে ফেরার পর থেকেই যন্ত্রণায় কাতরাতে শুরু করে ওই ছাত্রী। চিকিৎসায় জানা যায়, তার হাতের অভ্যন্তরীণ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রক্ত জমে গেছে। পরিবারের আর্থিক অনটন ও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাওয়ার এক পর্যায়ে গত ৩০ আগস্ট মারা যায় সে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক অক্ষয় সিং যাদব, মূল অভিযুক্ত শিক্ষক রাজেন্দ্র গঙ্গওয়ার এবং ওই সহপাঠীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে হারদোই জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *