প্রিয় বিরিয়ানির রঙেই লুকিয়ে ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকি!
বার্তা ডেস্কঃ
হুগলির রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে খাদ্য সুরক্ষা দফতর। সাধারণ মানুষের অত্যন্ত পছন্দের এই খাবারে আকর্ষণীয় হলুদ রঙ আনতে মেশানো হচ্ছিল এক মারাত্মক রাসায়নিক পদার্থ। আধিকারিকরা দেখতে পান, যে রঙ ব্যবহার করা হচ্ছে তা আসলে মানুষের খাওয়ার জন্য উপযুক্ত নয়, বরং কাঠ বা গ্রিলে রঙের কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল কালার। এই রঙের প্যাকেটে বড় বড় অক্ষরে ‘নট ফর হিউম্যান কনজামশন’ বা মানব ব্যবহারের অনুপযুক্ত কথাটি স্পষ্টভাবে লেখা ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্ষতিকারক রাসায়নিক নিয়মিত শরীরে প্রবেশ করলে ক্যানসারের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা তৎক্ষণাৎ ওই ভেজাল বিরিয়ানি ফেলে দিতে নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট দোকানদারকে কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি, খাদ্যবিধি লঙ্ঘন করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।