২৬ অক্টোবর থেকে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বড় বিপদে আমজনতা!
বার্তা ডেস্কঃ
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস-এর পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর দেশব্যাপী একদিনের सांকেতিক ধর্মঘটের পাশাপাশি আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত সপ্তাহে পাঁচ দিন কার্যদিবস নির্ধারণ এবং সরকারের নতুন পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই স্কিমের একতরফা নীতির প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সরকারি, বেসরকারি, বিদেশি ও গ্রামীণ ব্যাংকগুলির প্রায় ৯০ শতাংশ কর্মী এই আন্দোলনে শামিল হতে চলেছেন।
ইউনিয়নগুলির প্রধান অভিযোগ, দীর্ঘদিনের চুক্তি থাকা সত্ত্বেও পাঁচ দিনের কার্যদিবসের দাবি এখনও অর্থ মন্ত্রকের অনুমোদন পায়নি। পাশাপাশি, নতুন ইনসেনটিভ স্কিমের মাধ্যমে সীমিত সংখ্যক উচ্চপদস্থ অফিসারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবকে তারা বৈষম্যমূলক বলে অভিহিত করেছে। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে এটিএম পরিষেবা, ঋণ অনুমোদন এবং নগদ লেনদেনে ব্যাপক ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ গ্রাহকদের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে তুলবে।