হরমুজ কি এবার ট্রাম্পের কবজায়, উত্তেজনার পারদ তুঙ্গে!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর দখল নিজেদের হাতে নেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে এখন আর কোনো আলোচনা হবে না। পাশাপাশি, কৌশলগত এই প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি। নিজেকে হরমুজের অভিভাবক দাবি করা মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হলেও ওয়াশিংটনের এমন দাবি পুরোপুরি খারিজ করেছে ইরান।
ভৌগোলিক নামের পরিবর্তনের এই প্রবণতা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়, এর আগে অন্টারিও হ্রদের নাম বদলের নির্দেশও তিনি দিয়েছিলেন। এদিকে মার্কিন প্রশাসনের এই সামরিক পদক্ষেপের জেরে দেশের ভেতরেই তাঁর জনসমর্থনে ভাটা পড়েছে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপের পক্ষে মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন জানিয়েছেন, যা আগের তুলনায় কম। যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্টের এমন বিতর্কিত পদক্ষেপে বিশ্ব রাজনীতিতে উদ্বেগ ক্রমেই বাড়ছে।