চন্দনের ফোঁটা মোছা নিয়ে বিতর্ক, ১০০০ বিদ্যা ভারতী গড়ার ডাক দিলেন শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

শিক্ষার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে চরিত্র গঠনকারী শিক্ষা ব্যবস্থার জোর সুপারিশ করেন তিনি। সম্প্রতি কলকাতার একটি স্কুলের ঘটনা উল্লেখ করে তিনি জানান, এক ছাত্রের মাথার চন্দনের টিকা শিক্ষক মুছিয়ে দিয়েছেন এবং তাকে মুখ ধুতে বাধ্য করেছেন। এই মানসিকতার তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, সংস্কার ও দেশপ্রেম না থাকলে ভবিষ্যৎ ভয়ঙ্কর রূপ নেবে। চন্দনের ফোঁটা বা তুলসী ধারণ ভারতীয় পরম্পরার অংশ, যা রক্ষা করা অপরিহার্য।

পূর্বতন সরকারের পাঠ্যক্রমের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির বিস্ফোরক অভিযোগ তুলে তিনি সিলেবাসে ভারতীয় মূল্যবোধ ফিরিয়ে আনার কথা বলেন। আগামী এক বছরের মধ্যে ১০০০ বিদ্যা ভারতী প্রতিষ্ঠা, গোশালা তৈরি এবং গীতা বিতরণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় সংস্কৃতির শিকড় পুনরুজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *