চলতি বছরেই কি অভিন্ন দেওয়ানি বিধি! শুভেন্দুর কমিটির বৈঠকে বড় ইঙ্গিত
বার্তা ডেস্কঃ
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এবার বড় পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবনে রাজ্য সরকারের গঠিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চলতি বছর শেষ হওয়ার আগেই এ রাজ্যে ইউসিসির খসড়া চূড়ান্ত করা হবে। এই উদ্দেশ্যে আগামী দশ দিনের মধ্যে কলকাতায় বিশেষজ্ঞ কমিটি তাদের কার্যালয় খুলতে চলেছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের ইউসিসি রূপরেখা খতিয়ে দেখার পাশাপাশি সর্বসাধারণ ও বিভিন্ন পক্ষের মতামত জানতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। এই বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউসিসি বিল পেশ করবে রাজ্য সরকার।
প্রস্তাবিত এই বিলের মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের মতো বিষয়গুলিতে সব সম্প্রদায়ের জন্য সম-আইন কার্যকর হবে এবং শরিয়ৎ আইনের বিলুপ্তি ঘটবে, তবে আদিবাসীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, আইনজীবী ওসমান গনি মল্লিক সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে অন্তত ৯টি বিষয়ে আলোচনা চালাবে। এছাড়া বিলটি বিধানসভায় আনার আগে কেন্দ্রীয় সরকারের সাথেও প্রয়োজনীয় আলোচনা করবেন রাজ্যের পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে রাজ্য জুড়েই এখন চূড়ান্ত তৎপরতা।