সৌদিতে অন্নহীন নদিয়ার ৭০ শ্রমিক, প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে কাতর আরজি!

বার্তা ডেস্কঃ

কাজের সন্ধানে দুই বছর আগে সৌদি আরবে গিয়ে চরম বিপাকের মুখে পড়েছেন নদিয়ার মুরুটিয়া থানার সিংহডাঙা গ্রামের সুশান্ত কাপাসিয়া ও তাপস কাপাসিয়া। সম্প্রতি তাঁদের কর্মহীন করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। অভিযোগ, বকেয়া বেতন না দিয়ে কিংবা ভিসা পুনর্নবীকরণ না করেই তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে দু’বেলা অন্নসংস্থান চালানোই এখন দুষ্কর হয়ে পড়েছে। কেবল এই দুই ভাই-ই নন, তাঁদের তথ্য অনুযায়ী নদিয়ার প্রায় ২৫-২৬ জন এবং রাজ্যের মোট ৭০ জন শ্রমিক একই সংস্থায় আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে ফেরার সম্পূর্ণ খরচ শ্রমিকদেরই বহন করতে হবে।

এমন করুণ পরিস্থিতিতে দেশে ফেরার করুণ আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন সর্বস্বান্ত এই পরিযায়ী শ্রমিকরা। এদিকে গ্রামে থাকা প্রবীণ বিশাখা কাপাসিয়া ও তপন কাপাসিয়া চোখের জলে দিন কাটাচ্ছেন। গত দুই মাস ধরে কর্মহীন ছেলেদের দেশে ফেরাতে, চিকিৎসাসহ সার্বিক সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে পরিবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *