আবাস যোজনায় ঘুষের অভিযোগ, শান্তিপুরে ইঞ্জিনিয়ারকে ‘ডিমথেরাপি’!
বার্তা ডেস্কঃ
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তার কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর পুরসভার অস্থায়ী ইঞ্জিনিয়ার প্রলয় কুণ্ডুর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব অভিযুক্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং পুরসভা থেকে বের করে আনার সময় তাঁর দিকে ডিম ছোড়েন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে আটক করে।
বিজেপি নেতৃত্বের দাবি, ভুক্তভোগী মহিলার সঙ্গে ওই ইঞ্জিনিয়ারের ঘুষ লেনদেন সংক্রান্ত ফোনালাপের অডিও রেকর্ড তাঁদের কাছে রয়েছে। তাঁদের আরও অভিযোগ, এটাই প্রথম নয়; এর আগেও নানা প্রকল্পের টোপ দিয়ে বহু মানুষের টাকা আত্মসাৎ করেছেন প্রলয় কুণ্ডু। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রলয় কুণ্ডু। তাঁর পাল্টা সাফাই, “আমি বিল্ডিং প্ল্যানিংয়ের কাজ করি, সেই কাজের জন্যই উপভোক্তার থেকে টাকা নেওয়া হয়েছিল, আবাসের ঘরের নামে নয়। আর উদ্ধার হওয়া নগদ টাকা আমার একান্তই ব্যক্তিগত।” ঘটনাটিকে ঘিরে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।