২৫ দিন পর পরই বুক করুন রান্নার গ্যাস, গ্রামীণ গ্রাহকদের জন্য বড় সুখবর!
বার্তা ডেস্কঃ
দেশের গ্রামীণ এলাকার রান্নার গ্যাস (LPG) গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন থেকে শহর ও গ্রাম—উভয় অঞ্চলের গ্রাহকরাই ২৫ দিনের ব্যবধানে পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে (IOCL, BPCL ও HPCL) এই নিয়ম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রক।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে টান পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের ১২ মার্চ সরকার নিয়ম করে যে, শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিন অন্তর সিলিন্ডার বুক করা যাবে। এর ফলে গত কয়েক মাস ধরে গ্রামীণ গ্রাহকদের একটি রিফিল পাওয়ার পর পরবর্তী সিলিন্ডারের জন্য দীর্ঘ ৪৫ দিন অপেক্ষা করতে হচ্ছিল।
পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে এলপিজি সরবরাহের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও উন্নত হয়েছে। ফলে শহর ও গ্রামের মধ্যে থাকা এই বৈষম্য দূর করে সারা দেশে অভিন্ন ২৫ দিনের নিয়ম ফিরিয়ে আনা সম্ভব হলো। সরকারের এই সিদ্ধান্তে গ্রামীণ গ্রাহকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো এবং তারা বড় স্বস্তি পেলেন।