হাসপাতাল গেটেই কার্ডের অপেক্ষায় বৃদ্ধার মৃত্যু, সিস্টেমের বলি এক অসহায় জীবন!

বার্তা ডেস্কঃ

বনগাঁ: আধার কার্ড জমা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া টানাপোড়েনের মাঝে বনগাঁ মহকুমা হাসপাতালে বুকে ব্যথা নিয়ে আসা এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম রেনু মণ্ডল (৫৫)। পরিবারের অভিযোগ, হাসপাতালে ওয়ার্ডে ভর্তি না নিয়ে আধার কার্ড আনতে বাধ্য করার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে দিদি সরস্বতী সরকারের সঙ্গে হাসপাতালে আসেন রেনু দেবী। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং ট্রিটমেন্ট শিট লিখে দেন। তবে স্বজনদের দাবি, মেডিসিন ওয়ার্ডে নিয়ে গেলে আধার কার্ড না থাকায় তাঁকে ভর্তি নিতে অস্বীকার করা হয়। বাধ্য হয়ে অসুস্থ বৃদ্ধাকে সঙ্গেই নিয়ে আধার কার্ড আনতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁর দিদি। কিন্তু হাসপাতালের গেটের সামনে পৌঁছাতেই বৃদ্ধা অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে পুনরায় জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন জরুরি বিভাগের চিকিৎসক গৌরী মণ্ডল। তাঁর বক্তব্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে ভর্তি হতে বলা হয়েছিল এবং আধার কার্ড পরে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওয়ার্ডে ভর্তি না হয়ে তাঁরা কেন বাইরে গেলেন, তা পরিষ্কার নয়।

ঘটনার বিবরণ পেয়ে বনগাঁ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। বৃদ্ধার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *