বিশ্বমঞ্চে দুর্গাপুরের জয়জয়কার, আন্তর্জাতিক ভূবিজ্ঞান অলিম্পিয়াডে সৌমিকের জোড়া সোনা!
বার্তা ডেস্কঃ
ইতালির তুরিনে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক ভূবিজ্ঞান (আর্থ সায়েন্স) অলিম্পিয়াডে দুর্দান্ত সাফল্য অর্জন করল ভারত। বিশ্বের ৩৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মোট ৯টি পদক (৪টি সোনা, ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ) জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় দল। এই জাতীয় জয়ে বড় ভূমিকা নিয়েছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের দয়ানন্দ রোডের বাসিন্দা সৌমিক মণ্ডল। দ্বাদশ শ্রেণির এই মেধাবী ছাত্র একাই দুটি সোনা ও একটি রুপো জিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে।
গত ২০ থেকে ২৭ অগস্ট তুরিন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্যাম্পাসে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার লিখিত ও প্র্যাক্টিক্যাল বিভাগে বিশ্বমঞ্চে তৃতীয় স্থান অর্জন করে প্রথম সোনাটি ছিনিয়ে নেয় সৌমিক। এরপর ‘ইন্টারন্যাশনাল টিম ফিল্ড ইনভেস্টিগেশন’ বিভাগে দ্বিতীয় সোনা এবং ‘আর্থ সায়েন্স প্রজেক্ট’-এ রুপোর পদক জেতে সে।
বিশ্বমঞ্চে পৌঁছনোর এই লড়াই অত্যন্ত কঠিন ছিল। জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে দেশের ৫০০টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ১৭,৮০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে কঠোর বাছাইয়ের পর সেরা ২৫ জনকে মনোনীত করা হয়। ভদোদরার এমএস বিশ্ববিদ্যালয়ে তিন সপ্তাহ এবং চেন্নাইয়ে এক সপ্তাহ বিশেষ প্রশিক্ষণের পর চূড়ান্ত ভারতীয় দল তুরিনের উদ্দেশে রওনা দেয়।
সৌমিকের বাবা কৌশিক মণ্ডল একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং মা মৌসুমি মণ্ডল গৃহবধূ। ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগপ্লুত মা বলেন, “বিষয়টি অত্যন্ত কঠিন ছিল, সৌমিক যে এতটা সাফল্য পাবে তা ভাবতেই পারিনি।” ভবিষ্যতে আইআইটি (IIT) থেকে জিও-কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা ও গবেষণা করাই সৌমিকের মূল লক্ষ্য।
অলিম্পিয়াডে ভারতীয় দলের এই ঐতিহাসিক সাফল্যের পর দিল্লির পৃথ্বী ভবনে দলটিকে সংবর্ধনা জানান কেন্দ্রীয় ভূবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রানা।