স্পেশাল মেনু ঘিরে ধুন্ধুমার, ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের!
বার্তা ডেস্কঃ
জলপাইগুড়ি জিলা স্কুলে মিড ডে মিলের ‘বিশেষ খাবার’ ঘিরে চরম বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদের মারে প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুইয়ের মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষক দিবসে হাফ ছুটি থাকায় মঙ্গলবার মিড ডে মিলে বিশেষ খাবারের আশ্বাস দিয়েছিলেন প্রধান শিক্ষক। এদিন খাবার পাওয়ার অপেক্ষায় দশম শ্রেণির কয়েকজন পড়ুয়া রান্নাঘরে উঁকিঝুঁকি মারলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। ছাত্রদের দাবি, প্রধান শিক্ষক রেগে গিয়ে এক ছাত্রের মাথা দেওয়ালে ঠুকে দেন এবং অন্যজনের গলা টিপে ধরেন।
এরপরই ক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় এবং স্কুলে ভাঙচুর চালায়। মারধরের চোটে প্রধান শিক্ষকের মাথা ফেটে যায় বলে অভিযোগ। তবে মারধরের কথা অস্বীকার করে ছাত্রদের একাংশের দাবি, ছাত্ররা তাকে ঘিরে প্রতিবাদ জানালে তিনি পালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এছাড়া, ছাত্রদের অভিযোগ—তৈরি হওয়া মাংসের একটা বড় অংশ প্রধান শিক্ষকের জন্য সরিয়ে রাখা হয়েছিল, যার ফলে অনেক ছাত্র খাবারই পায়নি।
অভিভাবকেরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি তুলেছেন। তবে এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।