রেলের ফ্রেইট করিডোরে ঐতিহাসিক রেকর্ড, মাত্র ৪% ট্র্যাকে ১৪% পণ্য!
বার্তা ডেস্কঃ
ভারতীয় রেলের পণ্য পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ‘ডেডিকেটেড ফ্রেইট করিডোর’ (DFC) নেটওয়ার্ক। ডাইরেক্ট ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL)-এর তৈরি মোট ২,৮৪৩ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে মূলত দুটি অংশ রয়েছে—পাঞ্জাবের নিউ সাহনেওয়াল থেকে বিহারের নিউ সোননগর পর্যন্ত ১,৩৩৭ কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন করিডোর এবং উত্তরপ্রদেশের নিউ দাদরি থেকে মহারাষ্ট্রের জেএনপিএ পর্যন্ত ১,৫০৬ কিলোমিটার দীর্ঘ ওয়েস্টার্ন করিডোর। ২০২৬ সালের মার্চ মাসে ওয়েস্টার্ন করিডোরের শেষ অংশটি চালু হওয়ার পর দেশের প্রধান বন্দরগুলির সাথে পণ্য পরিবহণ ব্যবস্থা আরও সুগম ও দ্রুত হয়ে উঠেছে।
পরিসংখ্যান অনুযায়ী, নতুন এই নেটওয়ার্কটি অত্যন্ত কম সময়ে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ভারতীয় রেলের মোট ট্র্যাকের মাত্র ৪ শতাংশেরও কম অংশ ব্যবহার করে এই ফ্রেইট করিডোরগুলি বর্তমানে দেশের মোট পণ্য পরিবহণের ১৪ শতাংশের বেশি একাই সামলাচ্ছে। ৩১ আগস্ট পর্যন্ত এই রুটে প্রায় ৫.২১ লক্ষ মালবাহী ট্রেন চলাচল করেছে, যার দৈনিক গড় প্রায় ৪৩৫টি। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে রেলের সামগ্রিক পণ্য পরিবহণের পরিমাণ একলাফে ১৩.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রেলের এই আধুনিক পরিকাঠামো বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়ী, শিল্প সংস্থা ও কৃষকদের বড় স্বস্তি দিয়েছে। চা, উদ্যানজাত সামগ্রী ও দ্রুত পচনশীল পণ্য এখন আগের তুলনায় অনেক কম সময়ে দেশের বিভিন্ন বড় বাজার, উৎপাদন কেন্দ্র ও বন্দরে পৌঁছে যাচ্ছে।